সময়ের সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর চরের অবৈধ বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নিমগাছি-নাংলু গ্রামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বালু মহালের নিয়ন্ত্রণ ও অর্থ বণ্টনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, সোমবার রাতে ইব্রাহিম হোসেনের লোকজন খননযন্ত্র দিয়ে চর থেকে বালু উত্তোলন করে ট্রাকে তুলছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগকর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
হামলাকারীরা বালু উত্তোলনে ব্যবহৃত একটি খননযন্ত্র ও দুটি ট্রাক ভাঙচুর করে। পাশাপাশি একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বালু মহালের অস্থায়ী অফিস কক্ষেও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজন উপপরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের সংবাদ