গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গাবতলীর আকন্দপাড়া ডঙর বিল ইজারা দেয়ার প্রতিবাদে মৎস্যজীবী ও এলাকার নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন।
বুধবার বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদনটি দাখিল করেন। এ ছাড়াও দৃষ্টি আকর্ষন করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য’র প্রতি।
প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদনে স্বাক্ষর করেছেন স্থানীয় নেপালতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সঞ্জয় মজুমদার, ওয়ার্ড মহিলা মেম্বার সাহিদা খাতুন লাকী, স্থানীয় রাধা কান্ত রায় অদু, চাঁন মিয়াসহ অন্যরা। আয়োজিত মানববন্ধনে আকন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য গোপাল ঘোষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির অধ্যাপক ফজলে বারী রতন, আব্দুল হান্নান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অলক চৌধুরী, স্থানীয় শান্ত ঘোষ, রিপন চন্দ্র প্রমুখ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার শত শত হিন্দু মুসলিম নারী-পুরুষ যোগ দেয়।
লিখিত আবেদনে উল্লেখ রয়েছে, বিলটিতে আকন্দপাড়া, ডঙর, রহিমারপাড়া, বাওইটোনা, বাহাদুরপুরসহ কয়েকটি গ্রামের হিন্দু মুসলিম হাজার হাজার মানুষ ব্যবহার করে আসছে। গরীব, অসহায় মৎস্যজীবীরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা পূজাসহ ধর্মীয় নানা কাজ করে থাকেন। এ ছাড়া পাখী অভয়াশ্রম দেখতে প্রচুর দর্শনার্থী এলাকাটিতে সফর করেন। ফলে এই বিলটি ইজারা দিলে পাখি ও জীববৈচিত্র্য যেমন নষ্ট হবে, তেমনী আশে পাশের গ্রামের মৎস্যজীবী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
সময়ের সংবাদ