বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘বাইবেল’ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সামনে রামনগর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও নাহিদ জামান সৌরভ।
বক্তারা অভিযোগ করেন, আনোয়ার রহমান সুমন (এ রহমান), রুমা ও লিন্ডা রায় দীর্ঘদিন ধরে রামনগর এলাকার নাহিদ জামান সৌরভসহ ২৪-২৫ জনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছেন। তারা আরও দাবি করেন, যথাযথ তদন্ত ছাড়াই পুলিশ প্রশাসনের কার্যক্রমের কারণে নিরপরাধ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই তারা এসব মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে নাহিদ জামান সৌরভ বলেন, “একটি মিথ্যা মামলায় আমাকে ১৭ দিন কারাগারে থাকতে হয়েছে। পরে আদালতে সেই মামলাটি খারিজ হয়ে যায়। বর্তমানে আমাদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মগ্রন্থ ‘বাইবেল’ পোড়ানোর অভিযোগ এনে নতুন করে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এসব হয়রানিমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
মোঃ মনিরুজ্জামান জাহিদ