সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস সান্তাহার থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে এসে সোনাতলা রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় প্রায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। হঠাৎ করেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার বাড়ি গাইবান্ধা জেলার বোনারপাড়ায়। প্রতিদিন সকালে লোকাল ট্রেনে করে তিনি বগুড়ার সোনাতলায় ভিক্ষা করতে আসতেন এবং বিকেলে আবার ট্রেনে করেই ফিরে যেতেন। ঘটনার দিনও ভিক্ষা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্টেশনে এসে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোনারপাড়া জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, স্টেশনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অসচেতনভাবে রেললাইন পারাপারের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সময়ের সংবাদ