বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতে পলাশবাড়ী–গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি স্থানে এক ব্যক্তিকে সড়কের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পলাশবাড়ী থানার এসআই বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সময়ের সংবাদ