সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সোনাতলা উপজেলায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখতে হলে দিবসটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা শাহারুল গাজী, বিএনপি নেতা আবু নাসের ওয়াহেদ নবেল, শরিফুল ইসলাম খান নিপু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সময়ের সংবাদ