গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলায় শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের সমন অনুযায়ী হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক সাবেক ওসি আলমগীর হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী শাহজাহানপুর থানাধীন বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমান উজ্জ্বল। তিনি জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক এবং শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন ফজলুর রহমান উজ্জ্বলের গাড়ি ধাওয়া দিয়ে আটক করেন এবং তাকে থানায় নিয়ে যান। সেখানে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরে উজ্জ্বলের স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দীর্ঘদিন পর গত ২৫ ফেব্রুয়ারি ফজলুর রহমান উজ্জ্বল আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ফজলুর রহমান উজ্জ্বল বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজি চালিয়েছেন। তিনি বলেন, “আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।”
সময়ের সংবাদ