ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় ঝাড়ুদারকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় ঝাড়ুদারকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ছবির ক্যাপশন: নিহত বগুড়া পৌরসভার ঝাড়ুদার সুনীল বাঁশফোড়। ছবি- সময়ের সংবাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত পৌরসভার ঝাড়ুদার সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সুনীল। বগুড়া শহরের সেউজগাড়ী ময়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে স্টেশন সড়কের বায়তুর রহমান মসজিদের সামনে পৌঁছালে অনিকসহ কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অনিক নামে এক ব্যক্তি তাঁর উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে। সন্তোষ বাঁশফোড় জানান, অনিক নামে এক মাদককারবারি তাঁর ছেলের কাছে চাঁদা দাবি করে। তর্কাতর্কির একপর্যায়ে অনিক চাকু বের করে সুনীলকে আঘাত করে। তিনি এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অনিক (২৪)কে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, প্রথমে ঘটনাটি হত্যাচেষ্টা মামলা হিসেবে দায়ের করা হলেও সুনীলের মৃত্যুর পর তা হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনার পর শহরে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত