স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। নির্বাচনে জয়লাভের পর তাকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের পরাজিত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অধ্যাক্ষ শাহাবুদ্দিন।
পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তায় অধ্যাক্ষ শাহাবুদ্দিন বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “অভিনন্দন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ভাই। আপনার নেতৃত্বে বগুড়া-১ সংসদীয় আসন এগিয়ে যাবে এই আশা রাখি। জাতির স্বার্থে যে কোনো সহযোগিতায় পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন শুভেচ্ছা বার্তা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এতে করে সমঝোতা ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
উল্লেখ্য, বগুড়া-১ আসনটি সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক ফলাফলে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিজয়ী ঘোষণা হন।
সময়ের সংবাদ