বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় একটি লক্ষী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মন্দিরটি রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া দাসপাড়া এলাকার লক্ষী মন্দিরে গভীর রাতে কে বা কারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে মন্দিরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ধুনট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের সংবাদ