ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধা-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি, গেজেট বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
গাইবান্ধা-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি, গেজেট বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার। ছবি- সময়ের সংবাদ
সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার। ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তিনি সব কেন্দ্রের ফল পুনর্গণনা এবং প্রকাশিত গেজেট বাতিলের দাবি জানিয়েছেন।

শনিবার বিকেলে সাঘাটা উপজেলার কমলপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় গুরুতর অনিয়মের চিত্র তার নজরে আসে।

তার অভিযোগ, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গণনা কার্যক্রম শেষ হওয়ার আগেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। একই ধরনের ঘটনা পবন তাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক কেন্দ্রে ঘটেছে বলেও দাবি করেন তিনি।

মো. ফারুক আলম সরকার বলেন, “বহু ক্ষেত্রে প্রার্থীর এজেন্টের স্বাক্ষর ছাড়াই শুধুমাত্র প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হয়েছে।” তিনি আরও জানান, ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয় এবং সংশ্লিষ্ট ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে।

বিএনপি প্রার্থীর দাবি, এসব অনিয়মের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রতীককে বিজয়ী করার চেষ্টা হয়েছে। তবে তিনি সরাসরি কোনো প্রতীকের নাম উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে তিনি গাইবান্ধা–৫ আসনের সব ভোটকেন্দ্রের ভোট পুনর্গণনার পাশাপাশি ঘোষিত গেজেট বাতিলের আবেদন জানান। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পুনর্গণনার দাবি নতুন করে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে। এখন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক