স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলার শতবর্ষী ঐতিহ্যবাহী সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯৮.৩৩% পাসের হার অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এই প্রতিষ্ঠানের সাধারণ শাখা থেকে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ১৫ জন শিক্ষার্থী (১২ জন ছাত্র ও ৩ জন ছাত্রী)। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ অর্জনে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখভাল করি। এই প্রতিষ্ঠানটি আমার একটি পরিবারের মতো। শিক্ষার্থীরা সুসংগঠিত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল বলেই এই কাঙ্ক্ষিত ফল সম্ভব হয়েছে। তাদের এমন ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। একইসাথে সাবেক সভাপতি তানজারুল হক তুহিন, সহকারী প্রধান শিক্ষক সুলতান হাবীব, পরিচালনা পর্ষদ এবং শিক্ষক মণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সার্বিক ফলাফলের বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিক জানান, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলের এই সাফল্য অত্যন্ত সন্তোষজনক। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাই এই সুনামের মূল ভিত্তি বলে মনে করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম প্রতিষ্ঠানটির ফলাফলের প্রশংসা করে বলেন, প্রতিবারের মতো এবারও সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯৮.৩৩% পাসের হার অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
সময়ের সংবাদ