স্টাফ রিপোর্টার, বগুড়ার সোনাতলায় একটি মন্দিরে এসে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,২১শে ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাট করমজা বাজার সংলগ্ন তরনী দাসপাড়ায় অবস্থিত সার্বজনীন দুর্গা মন্দিরে এসে ঠাকুরপাড়ার মৃত একরাম আলীর ছেলে আলিফ মিয়া (১৮), হাসান আলী (১৭) এবং তরনী দাসপাড়ার মৃত আজিজুল হক বুদুর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) একত্রিত হয়ে মন্দির সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে গালাগালি করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তাদের চিৎকার ও গালমন্দ শুনে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা মারধরের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে যায় একা পেলে প্রাণে মেরে ফেলা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের আশঙ্কা অভিযুক্তরা যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে অতীতেও মন্দিরের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ রয়েছে।বাদী সাওন তরনী দাস বলেন,ওদের এবং ওদের কিছু ভাড়াটিয়া আত্মীয়দের অত্যাচারে আমরা অতিষ্ঠ। কয়েক বছর আগে মন্দিরের জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে আমাদের মারধর করা হয়।এতে কয়েকজন আহত হয়েছিলেন।তিনি সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের সংবাদ