প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান

সময়ের সংবাদ ডেস্কঃ বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বিষয়টি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবিদুর রহমান সোহেল। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, জরুরি দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শনিবার সকালে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অধিকার করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের পর অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই উপনির্বাচন বগুড়ার রাজনীতিতে নতুন করে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে পারে। প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও প্রচার কৌশল ঘিরে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
© স্বত্বাধিকারঃ সময়ের সংবাদ